বাগেরহাটের মোংলায় প্রস্তাবিত ‘বাংলাদেশ-চীন মোংলা অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার লক্ষ্যে বড় এক পদক্ষেপ নিয়েছে সরকার। বৃহস্পতিবার সকালে মোংলা বন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে বিনিয়োগ সহজীকরণ বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই ঐতিহাসিক চুক্তিটি সম্পন্ন হয় বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ইনভেস্ট বাংলাদেশের শিল্পাঞ্চল বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং সিআরসিসির সহযোগী প্রতিষ্ঠান চায়না ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম রবি, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন।
এই চুক্তির মূল লক্ষ্য হলো বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। জাহিদুল ইসলাম রনি জানান, সমঝোতা স্মারকের আওতায় অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির মতো খাতে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে। মূলত বিনিয়োগকারীদের সাথে সরকারি-বেসরকারি অংশীজনদের যোগাযোগ ও সমন্বয় সাধনে ইনভেস্ট বাংলাদেশ এখন থেকে সক্রিয় ভূমিকা পালন করবে। এই সমন্বিত উদ্যোগের ফলে দেশে পরিবেশবান্ধব শিল্প ও মানবসম্পদ উন্নয়নের পথ আরও সুগম হবে বলে আশা করা হচ্ছে।






