জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রাব্বানী শেখ (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের একটি গাছে উঠলে এই দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম রাব্বানী ওই গ্রামের আশরাফ আলী শেখের ছেলে।
নিহতের ভাই আব্দুস সালাম জানান, ছাগলের খাবারের জন্য গাছ থেকে কাঁঠালপাতা সংগ্রহ করতে গাছে উঠেছিলেন তার ভাই। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসেন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর গাছ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নলছিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি জানা গেছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।






