বলিউডের আলোচিত চলচ্চিত্র ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’-তে আলিয়া ভাটের বদলে তাকে দেখতে চেয়ে ভক্তদের করা মন্তব্যের জবাবে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী কীর্তি সুরেশ। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী জানান, সিনেমাটিতে তাকে অভিনয় করার সুযোগ দেওয়া হলে তিনিও চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতেন। তবে এই প্রসঙ্গে কথা বলার সময় আলিয়ার অভিনয়েরও ভূয়সী প্রশংসা করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক দর্শক মন্তব্য করেছিলেন যে, ‘গাঙ্গুবাই’ চরিত্রে আলিয়ার চেয়ে কীর্তিকেই বেশি মানাত। সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে সেই মন্তব্যের সূত্র ধরে প্রশ্ন করা হলে কীর্তি বলেন, “আমি কি চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতাম? আমার বিশ্বাস, হ্যাঁ। তবে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় আলিয়া ভাটকে আমার সত্যিই ভালো লেগেছে। তার অভিনীত কাজগুলোও আমার খুব পছন্দ।”
এস হুসেন জায়েদির ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’ গ্রন্থ অবলম্বনে তৈরি হয়েছিল সিনেমাটি। এতে কাঠিয়াওয়াড়ের এক তরুণীর জীবনসংগ্রামের গল্প দেখানো হয়, যিনি প্রতিকূল পরিস্থিতিতে যৌনপেশায় যুক্ত হয়ে পরবর্তীতে মুম্বাইয়ের নিষিদ্ধপল্লির এক প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হন।
বর্তমানে কীর্তি সুরেশ অভিনীত নতুন সিরিজ ‘আক্কা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ওয়াইআরএফ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এটি পরিচালনা করেছেন ধর্মরাজ শেঠি। কাল্পনিক রাজ্য পেরনুরুর পটভূমিতে নির্মিত এই সিরিজের মূল গল্প ভবানী ও রুদ্র নামের দুই নারীর ক্ষমতার দ্বন্দ্ব, ঐতিহ্য এবং উত্তরাধিকার রক্ষার লড়াই ঘিরে আবর্তিত হয়েছে। এতে তার পাশাপাশি অভিনয় করেছেন রাধিকা আপ্তে। আগামী ৩০ অক্টোবর সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সম্প্রচারিত হবে।






