ইরাকের সুলাইমানিয়াহতে চলমান এশিয়া কাপ আর্চারি বা ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ-২-তে সাফল্যের ধারায় রয়েছে বাংলাদেশ। আসরের রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী—উভয় দলগত ইভেন্টেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন লাল-সবুজের আর্চাররা। শিরোপা নির্ধারণী এই লড়াইয়ে উভয় বিভাগেই তাদের প্রতিপক্ষ কাজাখস্তান।
সাগর ইসলাম, আব্দুর রহমান আলিফ ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফিকে নিয়ে গঠিত রিকার্ভ পুরুষ দলটি সেমিফাইনালে উজবেকিস্তানকে কোনো সুযোগই দেয়নি। সরাসরি ৬-০ সেট পয়েন্টে জয়ী হয়ে তারা ফাইনালে ওঠে। র্যাঙ্কিং রাউন্ডে শীর্ষে থাকায় তারা কোয়ার্টার ফাইনাল খেলা থেকে অব্যাহতি পেয়েছিল। অন্যদিকে, স্বাগতিক ইরাককে ৬-২ পয়েন্টে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কাজাখস্তান। আগামী ২৮ অক্টোবর স্বর্ণপদকের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ দল।
এদিকে কম্পাউন্ড নারী দলগত ইভেন্টেও বাংলাদেশ দারুণ ছন্দে আছে। বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনিকে নিয়ে গড়া দলটি সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ২৩৩-২১৯ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়েছে। র্যাঙ্কিং রাউন্ডে সেরা হওয়ার সুবাদে তারা সরাসরি সেমিফাইনাল খেলেছে। এই বিভাগের অপর সেমিফাইনালে ইরাক ও কাজাখস্তানের লড়াইটি ছিল সমানে সমান। নির্ধারিত সময় শেষে ২১৭-২১৭ পয়েন্টে ড্র হওয়ার পর, শুটঅফে ২৯-২৭ পয়েন্টে ইরাককে পরাজিত করে কাজাখস্তান ফাইনালে নাম লেখায়। আগামী ২৯ অক্টোবর এই ইভেন্টের স্বর্ণপদকের লড়াই অনুষ্ঠিত হবে।






