মেট্রোরেল যাত্রীদের যাতায়াত আরও আনন্দদায়ক করতে নতুন এক উদ্যোগ নিয়েছে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির জনপ্রিয় ব্র্যান্ড ‘পোলার’ এখন থেকে রাজধানীর পাঁচটি মেট্রোরেল স্টেশনে স্থাপন করেছে ‘পোলার চিল স্টেশন’। এর মাধ্যমে প্ল্যাটফর্মে দাঁড়িয়েই যাত্রীরা উপভোগ করতে পারবেন ব্র্যান্ডটির বিভিন্ন স্বাদের প্রিমিয়াম আইসক্রিম।
উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয়—এই পাঁচটি মেট্রোরেল স্টেশনের ছয়টি নির্ধারিত পয়েন্টে প্রাথমিকভাবে এই সুবিধা চালু করা হয়েছে। এসব চিল স্টেশনে নিয়মিত স্টিক ও কোন আইসক্রিমের পাশাপাশি গ্রাহকদের জন্য থাকছে পছন্দের স্বাদসহ বৈচিত্র্যময় সব ফ্লেভার। প্রতিটি স্কুপের জন্য ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত দাম নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শাহ মাসুদ ইমাম বলেন, মেট্রোযাত্রীদের যাতায়াত অভিজ্ঞতাকে আরও উপভোগ্য ও প্রাণবন্ত করতেই এই ইন-স্টেশন পারলারের ধারণাটি নিয়ে আসা হয়েছে।






