সোমবার (৭ সেপ্টেম্বর) আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইসরাইলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আঞ্চলিকভাবে তুরস্ককে ঘিরে ফেলার যেকোনো অপচেষ্টা আঙ্কারা নীরবে সহ্য করবে না। তবে এরদোগান এও উল্লেখ করেন যে, কোনো নির্দিষ্ট দেশ, সমাজ, ধর্ম বা সংস্কৃতির বিরুদ্ধে তুরস্কের কোনো শত্রুতা নেই।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জন্য ইসরাইলকে দায়ী করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, দেশটির উসকানিমূলক কর্মকাণ্ড ও মিথ্যাচারের প্রভাব শুধু ইরান বা উপসাগরীয় দেশগুলো নয়, বরং পুরো অঞ্চলের ওপর পড়ছে। তার দাবি, ইসরাইলের নাশকতার কারণেই ইসলামাবাদ সমঝোতা কার্যকর করা সম্ভব হয়নি। এই পরিস্থিতির মধ্যেই সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সাথে তুরস্কের সম্পর্ক আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন তিনি।
বৈঠকে উদ্ধার অভিযান ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়েও কথা বলেন এরদোগান। উত্তর সাইপ্রাসের উপকূলে সম্প্রতি ঘটে যাওয়া জাহাজডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে তুরস্কের ৯টি জাহাজ ও ১১টি বিমান নিরলসভাবে কাজ করছে বলে তিনি জানান। পাশাপাশি, আঞ্চলিক অস্থিরতার মধ্যেও তুরস্কের অর্থনীতিকে আরও শক্তিশালী, প্রতিযোগিতামূলক ও স্থিতিশীল করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।






