ফ্যাশন মডেলিং এবং বাংলা চলচ্চিত্রে অভিনয়ের পর এবার নতুন মিউজিক ভিডিওর মাধ্যমে দর্শকদের সামনে নতুন চমক নিয়ে হাজির হয়েছেন তরুণ মডেল দেবজ্যোতি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ‘ভয়েজ অফ নারগিস’ নামের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাওয়ার পর থেকেই এটি নিয়ে শ্রোতা-দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী নারগিস এ খানম। কাজল শেখের কথায় গানটির সংগীতায়োজন করেছেন ইফতেখারুল এহতেশাম লেনীন। পুরো মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত দেবজ্যোতি বলেন, দারুণ একটি গানের কাজ করেছি। বিশেষ করে নারগিস এ খানম আপুর কণ্ঠে গানটি দুর্দান্ত হয়েছে এবং সৌমিত্র ঘোষ ইমন ভাই অনেক যত্ন নিয়ে ভিডিওটি নির্মাণ করেছেন। আশা করছি দর্শকদের এটি ভালো লাগবে।
মডেলিংয়ের পাশাপাশি চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতে নিয়মিত কাজ করে নিজের ক্যারিয়ারকে সমৃদ্ধ করছেন দেবজ্যোতি। নতুন এই মিউজিক ভিডিওতে তার উপস্থিতি দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।






