পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থ, আধিপত্য এবং ক্ষমতার দ্বন্দ্বের গল্প নিয়ে নির্মিত সিনেমা 'কাট-পিস' মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর সিনেমাটি দেশের মাল্টিপ্লেক্স ও বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। পূজার উৎসবমুখর পরিবেশে এটি দর্শকদের সামনে হাজির করার পরিকল্পনা করেছে সংশ্লিষ্টরা।
চলচ্চিত্রটির পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন ইফফাত জাহান মম। ব্ল্যাক পেপার ফিল্মস প্রযোজিত এই সিনেমায় অভিনয় করেছেন শিফাত আমিন শুভ, ইমরান আহমেদ সওদাগর, নানজীবা তোরসা, সাইফুল কবির, বাপ্পী আশরাফ ও এলিনা শাম্মীসহ অনেকে। পরিচিত এই ব্যবসার জগতের অন্দরের মানুষ, অর্থনৈতিক সম্পর্ক এবং আধিপত্য বিস্তারের লড়াই এখানে ফুটিয়ে তোলা হয়েছে।
পরিচালক ইফফাত জাহান মম জানান, গার্মেন্টস শিল্পের ঝুট ব্যবসা শহরের খুব পরিচিত একটি বাস্তব চিত্র। কিন্তু এই ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকা মানুষের জীবন, তাদের অর্থনৈতিক ও ক্ষমতার সমীকরণ এবং সংঘাতের বিষয়টি মূলধারার সিনেমার গল্প হিসেবে তুলে ধরা প্রয়োজন ছিল। এই ভাবনা থেকেই মূলত সিনেমাটি নির্মাণের কাজ শুরু হয়।
এর আগে সিনেমার পোস্টার প্রকাশ করে মুক্তির আভাস দিয়েছিলেন নির্মাতারা, তবে তারিখ তখন প্রকাশ করা হয়নি। এখন আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানা গেল, পূজার আমেজকে সঙ্গী করেই সিনেমাটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে। এর আগে থেকেই মাল্টিপ্লেক্স ও একক পর্দায় সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুতি নিয়ে এগোচ্ছেন নির্মাতারা।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০