রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোববার সকালে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে এই মেলা শুরু হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি যোগ দেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের পর এসএমই ফাউন্ডেশনের লক্ষ্য ও কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হয়। ভিডিওচিত্রের তথ্যানুযায়ী, ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেন। এর সুপারিশ অনুযায়ী ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন করা হয় এবং ২০০৬ সালে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। পরে এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম ও প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন আব্দুন নাসের খান বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই ও গতিশীল করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়ন অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন, এই মেলার মাধ্যমে উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ ও ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন।
এবারের আসরে সারা দেশ থেকে ৪৫০টিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তের ৩৮০ জন উদ্যোক্তা তাদের তৈরি পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রির জন্য নিয়ে এসেছেন। উদ্যোক্তাদের বিকাশ ও পণ্যের প্রচার বৃদ্ধিতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজক সংশ্লিষ্টরা।






