ভারতীয় নারী ক্রিকেটে এখন বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে হারমানপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানার মধ্যকার সম্পর্কের অবনতি। টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্ব থেকে ভারতের বিদায়ের পর এই দুই তারকার দ্বন্দ্বের বিষয়টি সামনে আসে। ৩৭ বছর বয়সী হারমানপ্রীতকে কেবল টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়তে বলা হলেও, অভিমানে তিনি সব ফরম্যাটের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন। হারমানপ্রীতের সরে দাঁড়ানোর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নেতৃত্ব তুলে দেওয়া হয় স্মৃতি মান্ধানার হাতে। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট থেকে ভারতের বিদায়ের পর এই অভ্যন্তরীণ দূরত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। এরপরই নেতৃত্বের দৌড়ে এগিয়ে থাকা স্মৃতিকে বেছে নেয় বোর্ড।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দীর্ঘ দিন ধরেই অধিনায়কত্বের দাবিদার ছিলেন স্মৃতি। নির্বাচকরা হারমানপ্রীতের ওপর আস্থা রাখায় তিনি ভেতরে ভেতরে অসন্তুষ্ট ছিলেন বলে অভিযোগ রয়েছে। এখন শোনা যাচ্ছে, এই দুই তারকার মধ্যে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ। মিতালি রাজের সাথে হারমানপ্রীতের পুরনো তিক্ততার ইতিহাসের পুনরাবৃত্তি এবার ঘটেছে স্মৃতির সাথে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, স্মৃতির নেতৃত্বাধীন নতুন দলে হারমানপ্রীতের ভূমিকা কী হবে। ক্রিকেট মহলের ধারণা, এই অস্থিরতার জের ধরে হারমানপ্রীত হয়তো দ্রুত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পথে হাঁটতে পারেন।





