বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ডা. জহিরুল ইসলাম কচি আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করেন। ইএসডিআই ফিল্ম সোসাইটির আয়োজনে এই উৎসবে স্থানীয় দর্শকদের মাঝে বিকল্পধারার চলচ্চিত্রের প্রতি ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল চলচ্চিত্র উৎসব বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর এবং স্বাগত বক্তব্য রাখেন ইএসডিআই ফিল্ম সোসাইটির সভাপতি জসিম উদ্দিন ইমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। এ যেন সীমানা পেরিয়ে চলচ্চিত্রের মোহনায় এসে মিলিত হওয়া।
উৎসবের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরউল্লাহ, নির্মাতা মুহাম্মদ কাইয়ুম, খন্দকার সুমন এবং অভিনেতা হায়দার আলী। উদ্বোধনের পরপরই প্রদর্শিত হয় তানিম নূর নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ এবং খন্দকার সুমনের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘সাঁতাও’। এই আয়োজনকে বরিশালের ইতিহাসে একটি নতুন মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নির্মাতা খন্দকার সুমন বলেন, বরিশালের মাটিতে চলচ্চিত্র উৎসবের এই আয়োজন যেন চলচ্চিত্রপ্রেমীদের এক মিলনমেলা। এর মাধ্যমে স্থানীয় দর্শক উত্তরের প্রাণ-প্রকৃতির চিত্রায়ন ‘সাঁতাও’ এবং মুহাম্মদ কাইয়ুমের হাওরের প্রান্তিক মানুষের জীবনের গল্প ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’-এর মতো চলচ্চিত্রগুলো দেখার সুযোগ পাচ্ছেন।
আয়োজনের পরিধি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরউল্লাহ জানান, দেশের বিভিন্ন প্রান্তে চলচ্চিত্রের সুস্থ পরিবেশ তৈরিতে তারা দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন। দর্শকের এমন অভূতপূর্ব সাড়া এবং আয়োজকদের ব্যবস্থাপনা দেখে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী বছর এই আয়োজনটি বরিশাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হিসেবে আত্মপ্রকাশ করবে। দেশের যেকোনো প্রান্তে এমন সৃজনশীল উদ্যোগকে তারা স্বাগত জানান এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “বরিশালে আজ ইতিহাস তৈরি হলো।
উৎসবের দ্বিতীয় ও শেষ দিন আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্রবিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে মাস্টারক্লাস পরিচালনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই নির্মাতা মুহাম্মদ কাইয়ুম ও খন্দকার সুমন। কর্মশালার পর বিকেলে চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে, যার মধ্যে রয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। স্থানীয় দর্শকদের দেশীয় চলচ্চিত্রের গভীরধারার সঙ্গে পরিচিত করাই এই উৎসবের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০