রাজধানীর লালবাগের পোস্তা এলাকায় স্ত্রীর বিবাহবিচ্ছেদের হুমকিতে শাহাদত হোসেন (৩২) নামের এক যুবক নিজের শরীরে আগুন দিয়েছেন। শুক্রবার সন্ধ্যার এই ঘটনায় তিনি গুরুতর দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. হারুনুর রশিদ জানিয়েছেন, আগুনে শাহাদতের শরীরের ৯৭ শতাংশ পুড়ে গেছে এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। শুক্রবার সন্ধ্যায় পুরান ঢাকার লালবাগের পোস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শাহাদত জানান, তিনি বর্তমানে লালবাগের পোস্তায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। স্ত্রী জেসমিন বেগম তাকে ডিভোর্স দেওয়ার হুমকি দিলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সেই ক্ষোভ থেকেই তিনি শ্বশুরবাড়ির ভেতরে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। শাহাদতের অভিযোগ, আগুন লাগার পর শ্বশুরবাড়ির কেউ তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেননি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানিয়েছেন, দগ্ধ অবস্থায় শাহাদতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন দুই অপরিচিত ব্যক্তি। তবে তারা ওষুধ কেনার নাম করে হাসপাতাল থেকে বের হয়ে আর ফেরেননি। এই রহস্যজনক পরিস্থিতির বিষয়টি তদন্তের জন্য চকবাজার থানাকে অবগত করা হয়েছে।






