
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সংবেদনশীল সীমান্ত অঞ্চল আঙ্গুর আড্ডায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার আফগান নিরাপত্তা বাহিনী কোনো উস্কানি ছাড়াই পাকিস্তানি সেনাচৌকি ও পার্শ্ববর্তী আবাসিক এলাকায় গুলিবর্ষণ শুরু করে। পাকিস্তানের অভিযোগ, এই কর্মকাণ্ড সীমান্ত প্রোটোকল ও আন্তর্জাতিক নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন। সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতির অবনতির ফলে স্থানীয় জনজীবনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এই সংঘর্ষের ঘটনায় একজন স্থানীয় বাসিন্দা প্রাণ হারিয়েছেন। এছাড়া একটি বসতবাড়িতে মর্টার শেল আঘাত হানলে একই পরিবারের পাঁচজন সদস্য গুরুতর আহত হন। ঘটনার পরপরই আফগান ভূখণ্ডের ভেতর অবস্থিত বিভিন্ন চৌকি থেকে স্নাইপার ও ভারী অস্ত্র ব্যবহার করে পাকিস্তানি সীমান্ত রক্ষীদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এসব হামলার জবাব দিতে গিয়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীও দ্রুত পাল্টা অভিযান শুরু করে।
ডনসহ বিভিন্ন সূত্রের দাবি, পাকিস্তানি বাহিনী আফগান তালেবানের বেশ কয়েকটি সীমান্ত চৌকি, মর্টার অবস্থান এবং বাংকার লক্ষ্য করে কামান ও ভারী অস্ত্র দিয়ে তীব্র হামলা চালায়। তাদের দাবি, পাকিস্তানি বাহিনীর এ পাল্টা আক্রমণের মুখে আফগান তালেবান সদস্যরা নিজেদের অবস্থান থেকে সরে যেতে বাধ্য হয়। সীমান্ত এলাকা বর্তমানে পুরোপুরি পাকিস্তানি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে সূত্রের দাবি।
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ হিসেবে বিবেচিত হয় আঙ্গুর আড্ডা। এই রুটটি দুই দেশের বাণিজ্য এবং সাধারণ মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত জরুরি। নিয়মিত সীমান্ত লঙ্ঘনের এই ঘটনা বাণিজ্য ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে চরম হুমকির মুখে ঠেলে দিচ্ছে। সীমান্ত এলাকায় বিনা কারণে গুলিবর্ষণের এ প্রবণতা দীর্ঘস্থায়ী অস্থিরতার শঙ্কা তৈরি করেছে, যা নিয়ে স্থানীয় উপজাতীয় জনগোষ্ঠীর মধ্যে তীব্র উদ্বেগ বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০