নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানী দীর্ঘ সময় ধরে বড় পর্দায় নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। বিভিন্ন সময়ে নিজের মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে অনলাইনে ট্রলের শিকার হতে হয় তাকে। তবে এসব বিষয়কে মোটেও পাত্তা দিতে নারাজ এই তারকা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, জীবনে এমন কোনো বিতর্কিত কাজ তিনি করেননি, যা ট্রলের যোগ্য হতে পারে। বরং কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে তার কর্মকাণ্ডকে বিকৃতভাবে উপস্থাপন করে ট্রল তৈরি করে বলে তিনি মনে করেন।
নিজের চরিত্রের বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে ওমর সানী বলেন, “আমার একটাই জিনিস হচ্ছে, আমি একটু প্রতিবাদী। আমি সরাসরি কথা বলায় অভ্যস্ত, যা অনেকের কাছে অসহ্য লাগে। যাদের আঁতে ঘা লাগে, মূলত তারাই এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেয়। আমি এসব ফালতু লোক বা তথাকথিত বট বাহিনীকে খুব একটা গুরুত্ব দিই না।”
সম্পদ ও নিজের সামর্থ্য নিয়ে বাহাদুরি করা থেকে সবসময় নিজেকে দূরে রাখেন বলে জানান এই অভিনেতা। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি গর্বের সঙ্গেই বলতে পারি, কোনোদিন কোনো কিছু নিয়ে আলগা বাহাদুরি করিনি। এমনকি আমার একটি মার্সিডিজ গাড়ি থাকার পরও আমি তা নিয়ে কোনো অহংকার করি না। এ ধরনের বিষয় নিয়ে বড়াই করার কিছু নেই।”
শিল্পীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তার বিষয়টিতেও মন্তব্য করেছেন তিনি। ওমর সানীর পর্যবেক্ষণ অনুযায়ী, প্রকৃত শিল্পীরা সাধারণত কম কথা বলেন। তিনি বলেন, “যারা শিল্পী হিসেবে নিজেকে দাবি করেন কিন্তু আদতে শিল্পী নন, তারাই মূলত বেশি কথা বলে বেড়ান।”
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০