
জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের ড্রাখেনবুর্গ প্রাসাদে শনিবার বৈঠক করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ওই অঙ্গরাজ্যের মিনিস্টার-প্রেসিডেন্ট হেনড্রিক ভুস্ট। বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং শিল্প ও গবেষণা খাতে নতুন করে অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে কাতার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
বৈঠকের শুরুতে কাতারের আমির এই সফরে আন্তরিক আনন্দ প্রকাশ করেন এবং উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য হেনড্রিক ভুস্টকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি কাতার ও নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার ক্রমবর্ধমান সহযোগিতামূলক সম্পর্ককে আরও সুসংহত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। আমির পারস্পরিক স্বার্থে জার্মানির এই অঙ্গরাজ্যের কারিগরি ও গবেষণা খাতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
হেনড্রিক ভুস্ট বৈঠকে আমিরের এই সফরকে দুই পক্ষের মধ্যকার গভীর আস্থা ও শক্তিশালী অংশীদারিত্বের প্রতীক হিসেবে বর্ণনা করেন। তিনি কাতারের ক্রমবর্ধমান রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থানের ভূয়সী প্রশংসা করেন এবং জার্মানি তথা নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার অর্থনীতিতে কাতারি বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া তিনি যৌথ সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো উন্মোচনে নিজের আগ্রহের কথা জানান।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কাতারি প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি, স্বরাষ্ট্রমন্ত্রী ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর কমান্ডার শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি এবং আমিরি দিওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল খুলাইফি।
জার্মান পক্ষে অন্যদের মধ্যে অংশ নেন ডেপুটি মিনিস্টার-প্রেসিডেন্ট মোনা নয়বাউর এবং আন্তর্জাতিক ও ইউরোপীয় বিষয়সহ বিভিন্ন বিভাগের মন্ত্রী নাথানায়েল লিমিনস্কি। আলোচনার আনুষ্ঠানিকতা শেষে হেনড্রিক ভুস্ট আমিরের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন, যেখানে কাতারি প্রতিনিধিদলের সদস্যরা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০