
কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে কাজী ইউসুফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারে তাকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ইউসুফ হোসেন কনকাপৈত গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে। তিনি স্থানীয় জামায়াতে ইসলামীর একজন কর্মী এবং ইসলামী সংগীত শিল্পী হিসেবে পরিচিত ছিলেন।
ঘটনার সূত্রপাত গত শনিবার (২৪ অক্টোবর)। কনকাপৈত স্কুল মাঠে ট্রাক্টর থেকে বালু লোড-আনলোড করা নিয়ে ফারিহা এন্টারপ্রাইজের মালিক আবুল কালাম আজাদের ট্রাক্টরচালকের সঙ্গে ইউসুফের কথা কাটাকাটি হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সেই ঘটনার জের ধরে আবুল কালাম আজাদ ওই এলাকায় ইউসুফের চলাচলে নিষেধাজ্ঞা ও হুমকি দিয়েছিলেন। সেই রেশ ধরেই সোমবার সকালে বাজারে ইউসুফকে একা পেয়ে কালাম আজাদের লোকজন অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি মারধরে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত অনেকে তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী জানান, গুরুতর আহত অবস্থায় তাকে জরুরি বিভাগে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। অভিযুক্ত আবুল কালাম আজাদ ও তার সহযোগীরা ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছেন, যার ফলে তাদের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০