কাতারের রাজধানী দোহার বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে আগামী ৮ অক্টোবর বৃহস্পতিবার আয়োজিত হতে যাচ্ছে বার্ষিক বিজ্ঞান মেলা ও চারু-কারুকলা প্রদর্শনী ২০২৬। স্কুল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা, বৈজ্ঞানিক চিন্তাভাবনা এবং উদ্ভাবনী দক্ষতা তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য এবং বিশিষ্ট শিক্ষাবিদরা এই আয়োজনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। স্কুল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত এ আয়োজন চলবে।
প্রদর্শনীতে শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার প্রতিফলন ঘটবে। প্রভাতী শাখার কেজি-১ থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের তৈরি ৩০৮টি চারু ও কারুকলার চমৎকার সব শিল্পকর্ম দর্শনার্থীদের জন্য রাখা হবে। পাশাপাশি পঞ্চম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের তৈরি ১৯৫টি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করবে, যা তাদের বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা ও ব্যবহারিক জ্ঞানকে ফুটিয়ে তুলবে। এছাড়া দিবা শাখার প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রায় ১৫০টি এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের প্রায় ৭৫টি সৃজনশীল কাজ প্রদর্শনীতে স্থান পাবে।
বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানের সাথে বাস্তব প্রয়োগের যোগসূত্র স্থাপনের পাশাপাশি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোই এই মেলার অন্যতম উদ্দেশ্য। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল কাজ বৃহত্তর দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ পাবে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে ও তাদের এই অসামান্য প্রচেষ্টার সাক্ষী হতে বিদ্যালয়ের পক্ষ থেকে সকল অভিভাবক, অতিথি ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করা হচ্ছে, এই প্রদর্শনীটি শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা ও শিল্পবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।





