
স্থানীয় বাসিন্দা ও নৌ-পুলিশ সূত্রে জানা যায়, মানববন্ধনের আয়োজক সোহানুর রহমান বিপু ও জুয়েল রানা মৃধার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং বালুবাহী নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। নদীর চর দখল নিয়ে গোলাগুলির ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলাও রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য ও মামলার বর্তমান অবস্থা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
স্থানীয় সূত্রগুলোর দাবি, প্রশাসনের তৎপরতায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ থাকায় এবং চাঁদাবাজির অভিযোগের কারণে বৈধ ইজারাদারের কাছ থেকে বালু না পাওয়ায় সংশ্লিষ্ট পক্ষটি মানববন্ধন করেছে।
তবে মানববন্ধনের আয়োজক জুয়েল রানা মৃধা ও সোহানুর রহমান বিপু অভিযোগ করেন, সাঁড়ায় হাসিবুর রহমান হাক্কে মণ্ডলের নেতৃত্বে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীতীরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি ঝুঁকিতে পড়ছে এবং নদীর পাড়ের ব্লক ধসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই তাঁরা মানববন্ধন করেছেন বলে জানান।
অভিযোগ অস্বীকার করে সাঁড়া ঘাটের বালু ব্যবসায়ী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হেকমতউল্লাহ মণ্ডল কনক বলেন, তিনি পদ্মা নদী থেকে বালু উত্তোলন করেন না। রাজশাহীর লক্ষ্মীনগর মৌজার বৈধ ইজারাদার মেসার্স সিফাত এন্টারপ্রাইজের কাছ থেকে রসিদের মাধ্যমে বালু কিনে সাঁড়ায় বিক্রি করেন। তাঁর দাবি, অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একটি পক্ষ রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাঁর বিরুদ্ধে মানববন্ধন করেছে।
সাঁড়া ঘাটের ইজারাদার ও সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজাদুর রহমান মেম্বার বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা নিয়ে নিয়ম অনুযায়ী খাজনা আদায় করছেন। তাঁর অভিযোগ, রাজনৈতিক বিরোধের জেরে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানববন্ধন করেছে।
লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সুযোগ নেই।
ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুর রহমান সরকার বলেন, বালু উত্তোলন নিয়ে স্থানীয় প্রশাসন বিব্রত। অবৈধভাবে বালু উত্তোলনে প্রশাসনের সহযোগিতা পাওয়ার কোনো সুযোগ নেই।
এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ শোয়াইব হাসানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০