
ইতালিতে হেনস্তা ও আক্রমণের শিকার হওয়ার পর দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঢাকায় পৌঁছানোর পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তার বাসায় গিয়ে পরিবারসহ তার সার্বিক খোঁজ-খবর নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে নিশ্চিত করেছেন 'রেহানা মরিয়ম নূর' খ্যাত এই অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে দেওয়া এক দীর্ঘ বার্তায় বাঁধন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তাদের বাসায় আসেন। প্রতিমন্ত্রীর এই আন্তরিকতা, সৌজন্য ও দায়িত্বশীলতার জন্য তিনি গভীর সম্মান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। রাষ্ট্রের এমন পদক্ষেপে আশ্বস্ত হয়ে তিনি বলেন, এই কঠিন সময়ে সরকারের এই উদ্যোগ ব্যক্তিগতভাবে তাকে স্বস্তি দেওয়ার পাশাপাশি একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আস্থাকে আরও সুদৃঢ় করেছে।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ইতালিতে অবস্থানকালে প্রবাসী আওয়ামী লীগ কর্মীদের হাতে আক্রমণের শিকার হওয়ার অভিযোগ তোলেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার এক ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি বাঁধনের দিকে ধেয়ে এসে গ গায়ে পানি ছিটিয়ে দেন। এসময় একজন তাকে থাপ্পড় মেরে হাতের ফোনটি ফেলে দেয় এবং তাকে 'জুলাই জঙ্গি' বলে অ্যাখ্যা দেওয়া হয়। দেশে ফেরার পর প্রতিমন্ত্রীর আগমন প্রসঙ্গে বাঁধন বলেন, একটি গণতান্ত্রিক দেশের মূল শক্তি হলো তার জনগণ; আর যখন রাষ্ট্র সেই জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষা করে, তখন আস্থার জায়গাটি আরও মজবুত হয়ে ওঠে।
অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর দেশে-বিদেশে বাঁধনের প্রতি সমর্থন জানান ভক্ত ও দেশের শোবিজ অঙ্গনের তারকারা। তারা ঘটনার তীব্র নিন্দা জানান। এই সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বাঁধন বলেন, বাংলাদেশ सरकार, সরকারপ্রধান, বাংলাদেশ দূতাবাস, ইতালি সরকার ও পুলিশ বিভাগসহ যারা বিপদের দিনে মানবিক সহায়তা ও খোঁজ নিয়েছেন, তাদের সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ প্রকাশ করছেন।
সবশেষে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে এই চিত্রনায়িকা উল্লেখ করেন, অন্যায্যতা, ভয় কিংবা বিভাজনের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি হলো মানুষের ঐক্য, সাহস ও পারস্পরিক দায়িত্ববোধ। মতভেদ থাকা স্বাভাবিক হলেও নাগরিকের নিরাপত্তা ও মর্যাদার বিষয়ে কোনো আপস করা যায় না। মানুষ যখন সত্য ও ন্যায়ের পক্ষে একত্রিত হয়, তখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি বহুগুণ বেড়ে যায় বলে তিনি মন্তব্য করেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০