ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী হুথি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে বড় ধরনের সাফল্যের দাবি করেছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা সাবার তথ্য অনুযায়ী, ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামক এই অভিযানে এখন পর্যন্ত প্রায় ৪৪০ জন হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে। বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি জানিয়েছেন, গত ৫ অক্টোবর রাজধানী সানা ও হুথিদের দখলে থাকা এলাকাগুলো পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে এই অভিযান শুরু করা হয়।
অভিযানে হুথিদের সামরিক সক্ষমতা কমিয়ে আনতে ব্যাপক আক্রমণ চালিয়েছে সরকারি বাহিনী। মুখপাত্রের ভাষ্যমতে, এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ বার হামলা চালানো হয়েছে। এসব অভিযানে হুথিদের ১৩২টি সামরিক যান, ভারী অস্ত্র এবং সাঁজোয়া ইউনিট ধ্বংস কিংবা ব্যবহারের অনুপযোগী করা হয়েছে। তাদের দাবি, এর ফলে হুথিরা সামরিকভাবে বেশ চাপে পড়েছে এবং গোষ্ঠীটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
গত এক মাস ধরে চলা এই লড়াই এখন দীর্ঘস্থায়ী সংঘাতের রূপ নিয়েছে। দুই পক্ষই পালটাপালটি হামলা এবং নিজেদের সামরিক অবস্থান টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছে। সরাসরি ভূখণ্ড দখলের লড়াইয়ের পাশাপাশি হুথিদের সামরিক রসদ ধ্বংস করাই এখন সরকারি বাহিনীর মূল কৌশলের অংশ হয়ে দাঁড়িয়েছে।






