লাতিন আমেরিকার ফুটবলে নতুন চালু হওয়া ‘ভিনিসিয়ুস জুনিয়র নিয়ম’ লঙ্ঘন করায় বিপাকে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। গত শনিবার বাহিয়ার বিপক্ষে সান্তোসের ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের শেষ মুহূর্তে প্রতিপক্ষ মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ঘটনার সময় মুখে হাত দিয়ে কথা বলার দায়ে তাকে এই শাস্তির মুখে পড়তে হয়েছে। আইএফএব-এর নতুন এই আইনটি মূলত মাঠের খেলায় মুখে হাত দিয়ে আড়ালে কুরুচিপূর্ণ মন্তব্য বা গালাগাল করা রোধ করার লক্ষ্যেই কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় রদ্রিগো নেস্তর অভিযোগ করেন যে, নেইমার তাকে এবং বাহিয়া ক্লাবের জার্সি জড়িয়ে অত্যন্ত অপমানজনক মন্তব্য করেছেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগ অস্বীকার করেছেন নেইমার। সেলেসাও তারকা নিজের ভুল স্বীকার করে বলেন, ‘মুখে হাত দেয়া আমার ভুল ছিল।’ একই সঙ্গে উল্টো নেস্তরের বিরুদ্ধেই উসকানির অভিযোগ তুলে তিনি দাবি করেন, ‘সে ফুটবলের অন্যতম জঘন্য কৌশল ব্যবহার করে আমাকে প্ররোচিত করেছে।’ রেফারি তার প্রতিবেদনে উল্লেখ করেছেন, লাল কার্ড পাওয়ার পর মেজাজ হারিয়ে বাহিয়ার ডাগআউটের দিকে তেড়ে গিয়েছিলেন নেইমার, যা সতীর্থদের হস্তক্ষেপে শান্ত করা হয়।
এদিকে, ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিস (এসটিজেডআই) এই দুই ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি হলুদ কার্ডের কারণে আরও এক ম্যাচ বাইরে থাকার নির্দেশ দিয়েছে। এর ফলে পালমেইরাসের বিপক্ষে ম্যাচসহ লিগের গুরুত্বপূর্ণ তিন ম্যাচে অধিনায়ক নেইমারকে পাচ্ছে না সান্তোস। বর্তমানে পয়েন্ট টেবিলের আট নম্বরে থাকা সান্তোসের জন্য মৌসুমের শেষ সময়ে তাদের সেরা তারকাকে ছাড়া জয় পাওয়া বড় চ্যালেঞ্জের মুখে পড়বে।






