ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। বুধবারের এই হামলায় বিমানবন্দরের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। হামলার ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরটিতে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।
এর আগে গত ৭ অক্টোবরও বিমানবন্দরটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছিল। ওই সময় রানওয়ের কাছাকাছি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হওয়ায় কায়রো থেকে আসা একটি যাত্রীবাহী বিমান জেদ্দায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল।
দক্ষিণ ইয়েমেনের প্রধান এই প্রবেশদ্বার দিয়ে নিয়মিতভাবে মানবিক সহায়তা, জীবন রক্ষাকারী চিকিৎসাসামগ্রী ও ত্রাণসামগ্রী পৌঁছানো হয়। বারবার এ ধরনের হামলার ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা ও বিমান চলাচলের ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকারের পরিবহন মন্ত্রণালয়।






