সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার ঘটনায় আকাশপথে চলাচলে বড় ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী মোট ১৪৪টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে ২২ হাজার ২১ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বেবিচকের তথ্যানুসারে, বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৭টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। সরাসরি ফ্লাইটের তালিকায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৮টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি ও রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট। অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে।
ফ্লাইট বাতিলের বিষয়টি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, দাম্মামগামী ফ্লাইট ২৫ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদগামী সব ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে। এর আগে দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালু করা হলেও নিরাপত্তার স্বার্থে পরে তা আবার স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটগুলো বর্তমানে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী স্বাভাবিক রয়েছে।
বিমান কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যারা রিয়াদ ও দাম্মামের যাত্রী, তারা চাইলে জরুরি প্রয়োজনে আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা বা মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে উদ্ভূত এই পরিস্থিতিতে আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ কঠোর অবস্থান নেওয়ায় ফ্লাইট সূচিতে এই বিপর্যয় দেখা দিয়েছে।






