শিল্প-সংস্কৃতি, সংগীত, চলচ্চিত্র, থিয়েটার এবং গ্রামীণ কারুশিল্পকে দেশের অর্থনীতির মূলধারার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এসব খাতকে কেবল সাংস্কৃতিক সম্পদ হিসেবে না দেখে জিডিপি প্রবৃদ্ধির নতুন উৎস হিসেবে গড়ে তোলা হবে। শনিবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে প্রকাশিত ‘ক্রিয়েটিভ ফুটপ্রিন্টস’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার করেন। শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ‘ক্রিয়েটিভ ফুটপ্রিন্টস’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, প্রথাগত অর্থনৈতিক কাঠামোয় শিল্প ও সংস্কৃতিকে বরাবরই কম গুরুত্ব দেওয়ার প্রবণতা দেখা গেছে। তবে বর্তমান সরকার এই গণ্ডি থেকে বেরিয়ে এসে সৃজনশীল শিল্পকে অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এই খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও এনজিওগুলোর অংশগ্রহণ প্রয়োজন। তিনি জানান, ইতিমধ্যে বাজেটে প্রয়োজনীয় তহবিল বরাদ্দ করা হয়েছে এবং নীতিগত সহায়তার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজের প্রক্রিয়া চলমান রয়েছে। বেসরকারি খাত থেকেও উল্লেখযোগ্য বিনিয়োগ আসতে শুরু করেছে।
দেশীয় কারুশিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের দক্ষতা বৃদ্ধি, পণ্যের নকশা আধুনিকায়ন এবং শক্তিশালী ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে সরকারি সহায়তা আরও বাড়ানো হবে। অর্থমন্ত্রী বলেন, আমাজন, ইবে ও আলিবাবার মতো আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে দেশীয় পণ্য বাজারজাত করার সুযোগ তৈরি করে দেওয়া হবে। এর ফলে প্রান্তিক শিল্পীরা তাঁদের কাজের সঠিক মূল্য পাবেন, কর্মসংস্থান বাড়বে এবং বৈদেশিক মুদ্রা অর্জন সহজতর হবে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হকও এ সময় বক্তব্য রাখেন। আমির খসরু মাহমুদ চৌধুরী আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের সংগীত, থিয়েটার, চলচ্চিত্র ও হস্তশিল্পের ঐতিহ্য বিশ্বমঞ্চে দেশের অবস্থানকে আরও সুসংহত করবে এবং সরকারি-বেসরকারি সম্মিলিত প্রচেষ্টায় এটি দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা যুক্ত করবে।






