ইতিহাসের প্রতিটি সংকটময় মুহূর্তে একশ্রেণির বুদ্ধিজীবী ফ্যাসিবাদের তোষামোদি করে আসছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির সেমিনার হলে ‘বাংলাদেশের সংস্কৃতির সংকট: স্বরূপ সন্ধান’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আয়োজনে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক। সেমিনারের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য।
রিজভী আরও বলেন, অতীতে হিটলারের পেছনে যেমন নামজাদা অনেক বুদ্ধিজীবী লাইন ধরেছিলেন, তেমনি বাংলাদেশে ফ্যাসিবাদের সময়েও একই চিত্র দেখা গেছে। গুম, নিখোঁজ কিংবা ভোটাধিকার হরণের মতো গুরুতর বিষয়ে এসব বুদ্ধিজীবীরা কোনো কথা বলেননি। অথচ দেশপ্রেমিক বুদ্ধিজীবীরা সবসময় সাধারণ মানুষের পাশে থেকে সত্য কথা তুলে ধরেন।
দেশে সূক্ষ্ম ও পরিকল্পিতভাবে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, সাম্রাজ্যবাদী শক্তির চক্রান্তে দীর্ঘদিন ধরে চর্চিত ও ব্যবহৃত শব্দগুলোকে সরিয়ে নতুন রূপ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এটি ভাষার মূল রূপ পরিবর্তনের অংশ। তবে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অভ্যন্তরীণ ক্ষমতা এ দেশের মানুষের রক্তে মিশে আছে। বাঙালির সংগ্রামের ইতিহাস ও ভাষার জন্য ত্যাগের নজিরই তার প্রমাণ। তবে যত চক্রান্তই হোক না কেন, এ দেশের মানুষের ভেতরেই যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিরোধের ক্ষমতা রয়েছে।
জাতীয়তাবাদের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনার সময় বিএনপির এই নেতা জানান, উনিশ শতকের তথাকথিত ‘বেঙ্গল রেনেসাঁ’ মূলত হিন্দু পুনরুত্থানবাদেই সীমাবদ্ধ ছিল, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম কৃষকদের শিক্ষা ও সামাজিক সংস্কারের বিষয়টি উপেক্ষিত ছিল। মূলত ১৯৪৭ ও ১৯৭১ সালের সংগ্রামের মধ্য দিয়েই বাংলাদেশের ভৌগোলিক ও রাজনৈতিক আত্মপরিচয় বা ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ বিকশিত হয়েছে। সেই ঐতিহাসিক ঘটনার প্রবাহ এবং ’৪৭ ও ’৭১-এর সংগ্রামের মধ্য দিয়েই এ দেশের ভৌগোলিক ও রাজনৈতিক আত্মপরিচয় বা ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ গড়ে উঠেছে।
সাংস্কৃতিক ব্যক্তিত্বদের এমন আয়োজনকে ইতিবাচক আখ্যা দিয়ে রিজভী বলেন, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে আলোচনার মাধ্যমে জাতীয় স্বাতন্ত্র্য রক্ষার প্রচেষ্টা আরও জোরদার হবে।
অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক মাহবুবউল্লাহ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য আবদুস সালাম আজাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ছড়াকার আবু সালেহ ও সাবেক উপাচার্য আবদুল লতিফ মাসুম বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক মুস্তাফা মজিদ। এছাড়া অন্যান্য আলোচকদের মধ্যে রেজাবুদ্দৌলা চৌধুরী, চিত্রনায়ক হেলাল খান, সাংবাদিক গাজীউল হাসান খান, সংগীত পরিচালক ইথুন বাবু, মো. আবু হোরায়রা ও পারভীন সুলতানা রাব্বী অংশ নেন।






