আওয়ামী লীগ সরকারের আমলে জলবায়ু তহবিলের অর্থ লুটপাট হয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রবিবার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর সাম্প্রতিক তুরস্ক সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এ কঠোর সমালোচনা করেন।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর তুরস্ক সফর অত্যন্ত সফল হয়েছে এবং এটি বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইতিবাচক আলোচনার সুযোগ তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সফরের বিস্তারিত তুলে ধরে হুমায়ুন কবির জানান, তুরস্কের মাটিতেই চীন, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, কুয়েত ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান তিনি। এই কূটনৈতিক তৎপরতা বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ককে আরও শক্তিশালী ও সুসংহত করবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।






