শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি দেওয়া আইনত নিষিদ্ধ হলেও, মাঠপর্যায়ে এর প্রতিফলন দেখা যাচ্ছে না। ২০১০ সালে হাইকোর্টের একটি ঐতিহাসিক রায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের শাস্তি প্রদানকে অবৈধ এবং মৌলিক মানবাধিকারের পরিপন্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয় ২০১১ সালে একটি সুনির্দিষ্ট নীতিমালা জারি করে। এই নীতিমালায় সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শাস্তি প্রদান নিষিদ্ধ করা হয়েছে। সেখানে কোন ধরনের আচরণ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে, তার একটি তালিকাও দেওয়া আছে। এর আগে ২০১০ সালের একটি রিট পিটিশনের চূড়ান্ত রায়ে বাংলাদেশ হাইকোর্টও দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শারীরিক ও মানসিক শাস্তি অবৈধ এবং মৌলিক মানবাধিকারের পরিপন্থী হিসেবে ঘোষণা করে। শাসনের নামে এ ধরনের আচরণ যে আইনত নিষিদ্ধ, এটা হয়তো শিক্ষার্থীদের জানা থাকে না। শারীরিক শাস্তি শিশুর বিকাশে বড় বাধা, বিলোপ জরুরি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী নির্যাতনের চিত্র উঠে আসছে। অনেক সময় শিক্ষকের প্রহারে শিক্ষার্থীর কানের পর্দা ফেটে যাওয়া বা আঘাতের কারণে চোখ ক্ষতিগ্রস্ত হওয়ার মতো মর্মান্তিক ঘটনাও ঘটে। অনেক ক্ষেত্রে শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীর শারীরিক গঠন বা বংশপরিচয় নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। অথচ নীতিমালার স্পষ্ট নির্দেশনা অনুযায়ী, পাঠদান বা অন্য যেকোনো সময়ে কোনো শিক্ষক, শিক্ষা কর্মী বা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী শিক্ষার্থীদের সঙ্গে বিরূপ আচরণ করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এমনকি প্রয়োজনে এর বিরুদ্ধে ফৌজদারি আইনেও ব্যবস্থা নেওয়া সম্ভব। ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতন ও হয়রানির প্রচুর খবর এখন সামনে আসে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, শিক্ষক হয়েও তিনি শিক্ষার্থীর শরীরিক বৈশিষ্ট্য নিয়ে আপত্তিকর মন্তব্য করেন কিংবা পরিবার ও বংশ তুলে কথা বলেন। শহর ও গ্রামের বেশির ভাগ শিক্ষার্থী এখন খেলার জন্য মাঠ কিংবা অবসর কাটানোর উপযোগী পরিবেশ পায় না।
নীতিমালায় শারীরিক ও মানসিক শাস্তি বন্ধে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় প্রশাসন এবং শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকদের এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার কথাও বলা হয়েছে। কিন্তু বাস্তবে এসব নির্দেশনা উপেক্ষিত থেকে যাচ্ছে। দুঃখজনকভাবে অনেক অভিভাবক এখনো মনে করেন যে, কঠোর শাসন বা শাস্তি ছাড়া সন্তান পড়াশোনায় মনোযোগী হয় না। এ ধরনের মানসিকতার কারণে অনেক ক্ষেত্রে শিক্ষক অভিযুক্ত হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ সেটি আড়াল করার চেষ্টা করে কিংবা ওই শিক্ষকের পক্ষ নিয়ে সাফাই গায়। অথচ এখনো শিক্ষার্থীরা বিদ্যালয়ে নানা রকম শাস্তি ও হেনস্তার শিকার হচ্ছে।
অভিযুক্ত শিক্ষকের সমর্থনে কথা বলাটাও নীতিমালা অনুযায়ী অপরাধ, যার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শাস্তির আওতায় আসতে পারে। বর্তমানে সিসিটিভি ফুটেজের মাধ্যমে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার সত্যতা সহজেই যাচাই করা সম্ভব হলেও, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের প্রমাণ থাকা সত্ত্বেও ব্যবস্থা নিতে গড়িমসি করা হয়। শিক্ষার্থী তার দিনের একটি বড় সময় শিক্ষাপ্রতিষ্ঠানে অতিবাহিত করে। বর্তমান সময়ে মাঠের অভাব, পুষ্টির ঘাটতি কিংবা শারীরিক-মানসিক প্রতিবন্ধকতা এবং বয়সজনিত নানা পরিবর্তনের মধ্য দিয়ে শিশুদের বড় হতে হয়, যা অনেক ক্ষেত্রে তাদের বিকাশকে বাধাগ্রস্ত করছে।
শ্রেণিপাঠদানকালে বাড়ির কাজ না করা বা মনোযোগী না থাকাকে অপরাধ হিসেবে গণ্য করে বেত দিয়ে আঘাত করা, কান ধরে ওঠ-বস করানো বা মানসিকভাবে হেনস্তা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অতীতে শিক্ষকতা পেশায় নিয়োগের ক্ষেত্রে বিএড বা এমএডের মতো শিক্ষাসংশ্লিষ্ট ডিগ্রিকে অগ্রাধিকার দেওয়া হতো। বর্তমানে নিয়োগ বিজ্ঞপ্তিতে এ ধরনের যোগ্যতার বাধ্যবাধকতা অনেকটাই শিথিল হয়েছে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে কেমন আচরণ করতে হবে, তা শিক্ষক প্রশিক্ষণেও গুরুত্বের সঙ্গে আলোচিত হয় না। ফলে শিক্ষাকে আনন্দময় করে তোলার বিষয়টি কেবল নীতিমালায় বন্দি হয়ে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিক মনজুরের মতে, সত্যিকার অর্থে শিক্ষাকে আনন্দময় করতে হলে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করা জরুরি।






