দণ্ডপ্রাপ্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে এলাকায় মাইকিং করার দায়ে নওগাঁর মান্দা উপজেলা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরপর প্রচারণায় দাবি করা হয়, শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন।
আটক দুজন হলেন—নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মান্দার কাঁশোপাড়া ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম শহীদ এবং কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের মান্দা সদর ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল সরকার। পুলিশ জানায়, আসামিরা নিজেদের সম্পৃক্ততার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন এবং মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশা ও রেকর্ডিং ডিভাইসটি জব্দ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার, যখন মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নে অটোরিকশায় মাইক লাগিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে প্রচারণা চালানো হয়। ঘটনার ৩৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নজরে আসে জেলা পুলিশের। ভিডিওটিতে দেখা যায়, অটোরিকশার পেছনে মাইক বাঁধা এবং একজন প্রচার চালাচ্ছেন। প্রচারণার শুরুতে মান্দাবাসীকে শুভেচ্ছা জানানো হয় এবং শেখ হাসিনাকে স্বাগত জানাতে দল-মত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানানো হয়। শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে প্রচারণাটি শেষ করা হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পরপরই মান্দা থানা-পুলিশ রাতেই অভিযানে নামে। পুলিশি তদন্তে জানা গেছে, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আসলাম হোসেনসহ আরও কয়েকজনের যোগসাজশে রাজশাহী-নওগাঁ সীমান্তবর্তী খোলা মাঠের রাস্তায় এ মাইকিংয়ের আয়োজন করা হয়। শহিদুল ইসলাম রাঙ্গামাটিয়া গ্রামের এবং আব্দুল জলিল সরকার নবগ্রাম তালাপাড়া গ্রামের বাসিন্দা। মূল হোতাদের শনাক্ত করতে ও মাইকিংয়ে জড়িত বাকিদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার।






