বরিশালের বানারীপাড়ায় একটি নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ভেতর কাজ করার সময় অক্সিজেনের অভাবে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত মো. রিয়াজ হোসেনের নির্মাণাধীন বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। প্রাণ হারানো দুই শ্রমিক হলেন উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে জামাল হোসেন ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. চুন্নু মিয়ার ছেলে মো. সোহাগ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই দুই শ্রমিক সেফটি ট্যাংকের ভেতরে সেন্টারিংয়ের কাজে ব্যস্ত ছিলেন। দুপুরের দিকে ট্যাংকের ভেতর অক্সিজেনের সংকট দেখা দিলে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করেন। পরবর্তীতে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।






