লিওনেল মেসির নৈপুণ্যে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ সময়ে জার্মান বেরতেরামের গোলে এগিয়ে যায় মায়ামি। তবে বিরতির পর ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেন মেসি। ৫৬ ও ৬০ মিনিটে মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলের ব্যবধান ৩-০ তে নিয়ে যান তিনি। শেষ দিকে আটলান্টা পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করলেও পরাজয় এড়াতে পারেনি। নতুন কোচ ক্রিস্তিয়ান গনসালেসের অধীনে এটি ইন্টার মায়ামির টানা তৃতীয় জয়।
এই দুই গোলের সুবাদে চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৫টিতে, যা এমএলএস লিগে এখন সর্বোচ্চ। গোল করার পাশাপাশি ১৫টি অ্যাসিস্ট নিয়ে সন হিউং-মিনের সঙ্গে যৌথভাবে তালিকার শীর্ষে রয়েছেন তিনি। এছাড়াও এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে ১৫টি করে অ্যাসিস্ট করার অনন্য রেকর্ড গড়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা।






