দেশের টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে গতি সঞ্চারের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের দুটি গুরুত্বপূর্ণ পুনঃ অর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে পূবালী ব্যাংক। ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, ‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং এবং গ্রিন ইন্ডাস্ট্রি খাতে পুনঃ অর্থায়ন স্কিম’ ও ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে উন্নয়নকল্পে পুনঃ অর্থায়ন স্কিম’—এই দুটি প্রকল্পে ব্যাংকটি এখন থেকে সক্রিয় অংশগ্রহণ করবে। উভয় স্কিমের প্রতিটির তহবিলের আকার নির্ধারণ করা হয়েছে এক হাজার কোটি টাকা।
সম্প্রতি রাজধানীর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই স্কিমগুলোতে অংশগ্রহণের জন্য পৃথক দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ ইছা, আরএমজি ডিভিশনের প্রধান ও মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম সরকারসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংকটি জানিয়েছে, এই চুক্তির ফলে পরিবেশবান্ধব শিল্প ও তথ্য-প্রযুক্তি খাতে অর্থায়নের পরিধি আরও বিস্তৃত হবে।
পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করে জানান, কেন্দ্রীয় ব্যাংকের এই বিশেষ স্কিমগুলোতে অংশগ্রহণের মাধ্যমে ব্যাংকটি দেশের শিল্প খাতে আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবে। এর ফলে নতুন উদ্যোক্তা তৈরি, প্রযুক্তিগত সক্ষমতা অর্জন এবং কর্মসংস্থান সৃষ্টিতে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।






