ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় তিনি স্পষ্ট করেন যে, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো হলে প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দেশের বাইরে বসে কী মন্তব্য করছেন, তা বিবেচ্য বিষয় নয়। বর্তমানে শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতাকর্মী ভারতে অবস্থান করছেন। অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার কাজ করছে এবং এ সংক্রান্ত ভারতের বিচারিক ও প্রশাসনিক প্রক্রিয়াও চলমান রয়েছে।
সভায় ‘মক্কা প্যাক্ট’ বা প্রতিরক্ষামূলক সাময়িক জোটে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। তিনি জানান, এই জোটে যুক্ত হওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভবিষ্যতে যেকোনো নতুন ফোরাম বা গ্রুপে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ তার নিজস্ব পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। কোনো জোট দেশের স্বার্থের জন্য উপকারী কি না, তা যাচাই-বাছাই করেই সরকার সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত সময়ে বিস্তারিত তথ্য জানাবে বলেও তিনি উল্লেখ করেন।
মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা এবং পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।






