দেশের ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণের পাহাড়সম বোঝা নিয়ে জাতীয় সংসদে তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এই ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকায়।
সংসদ সদস্য মো. আব্দুল আলীম দেশের সরকারি ব্যাংকগুলোর বর্তমান খেলাপি ঋণের অবস্থা এবং ব্যাংকভিত্তিক বিস্তারিত হিসাব জানতে চেয়েছিলেন। তার প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান, রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে।
মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, জনতা ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা। এছাড়া অগ্রণী ব্যাংক পিএলসির খেলাপি ঋণ ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা, রূপালী ব্যাংক পিএলসির ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ টাকা এবং সোনালী ব্যাংক পিএলসির ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ লাখ টাকা। তালিকায় থাকা বেসিক ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ৮ হাজার ১৩১ কোটি ৯ লাখ টাকা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ৮৮৮ কোটি ৭৯ লাখ টাকা। প্রতিবেদনে যোগ করা তথ্য: জবাবে অর্থমন্ত্রী বলেছেন, ‘‘রাষ্ট্র-মালিকানাধীন ৬টি ব্যাংকের ৩০ জুন ২০২৬ ভিত্তিক খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।






