
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক তাদের পথচলার ৩০ বছর পূর্ণ করেছে। “গল্পের পথচলা অব্যাহত...” প্রতিপাদ্য সামনে রেখে গত সন্ধ্যায় দোহার সদর দপ্তরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমীর নেটওয়ার্কটির তিন দশকের ইতিহাস, অর্জন ও অগ্রযাত্রার ওপর নির্মিত একটি বিশেষ প্রদর্শনী ঘুরে দেখেন। এছাড়া প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ফাদার আমীর শেখ হামাদ বিন খলিফা আল-থানীর দৃষ্টিভঙ্গি এবং গণমাধ্যমে আল জাজিরার ভূমিকা নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে আমীর নেটওয়ার্কটির নতুন হাই-টেক স্টুডিও ও অত্যাধুনিক নিউজ রুম পরিদর্শন করেন। এ সময় তাকে সম্প্রচারে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিশ্বমানের প্রযুক্তি সম্পর্কে অবহিত করা হয়।
অনুষ্ঠানে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল-থানী, আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের চেয়ারম্যান শেখ হামাদ বিন সামের আল-থানী ও ডিরেক্টর জেনারেল শেখ নাসের বিন ফয়সাল আল-থানীবসহ বিভিন্ন দেশের মন্ত্রী, আন্তর্জাতিক সাংবাদিক ও কূটনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালে মাত্র ৬ ঘণ্টার সম্প্রচার নিয়ে যাত্রা শুরু করা আল জাজিরা আজ বিশ্বের অন্যতম শক্তিশালী সংবাদমাধ্যমে পরিণত হয়েছে। বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে ৪৩ কোটি পরিবারে চ্যানেলটি পৌঁছে যাচ্ছে। ৭০টিরও বেশি ব্যুরোর মাধ্যমে ৯৫টি দেশে প্রায় ৩,০০০ কর্মী কাজ করছেন। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের অনুসারীর সংখ্যা ৫ কোটি ২০ লাখ ছাড়িয়েছে। গ্লোবাল নেটওয়ার্ক: বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে ৪৩ কোটি (৪৩০ মিলিয়ন) পরিবারে পৌঁছে যায় আল জাজিরা। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিষ্ঠানটির ৫ কোটি ২০ লাখ (৫২ মিলিয়ন) অনুসারী রয়েছে।
সাংবাদিকতার কঠিন সময়েও আল জাজিরা অবিচল থেকেছে। ২০০১ সালে কাবুল ও ২০০৩ সালে বাগদাদে কার্যালয়ে হামলা সত্ত্বেও তারা সাহসী ভূমিকা বজায় রাখে এবং ২০১১ সালের ‘আরব বসন্ত’ কভারেজের জন্য ‘পীবডি অ্যাওয়ার্ড’ অর্জন করে। তবে এই দীর্ঘ পথচলায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২৪ জনেরও বেশি সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ২০২২ সালে জেনিনে নিহত শিরিন আবু আকলেহ এবং ২০২৫ সালে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আনাস আল-শরীফ অন্যতম। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ মুহূর্তে নেটওয়ার্কটি নতুন ডিজিটাল চ্যানেল ‘আল জাজিরা নাও’ এবং ৩০টিরও বেশি নতুন অনুষ্ঠান চালুর ঘোষণা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০