হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা ৮০টি সোনার বার উদ্ধার করেছেন। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-০৫৮২ ফ্লাইটের রানওয়েতে দায়িত্বরত দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কায়দায় এসব সোনা লুকিয়ে রাখা হয়েছিল।
উদ্ধার হওয়া প্রতিটি সোনার বারের ওজন প্রায় ১১৭ গ্রাম করে, যার মোট ওজন ৯ দশমিক ৩৪ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি। চোরাচালানের এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং সোনা কোথা থেকে এসে কার কাছে পৌঁছানোর কথা ছিল, তা নিয়ে তদন্ত চলছে। এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি।






