
রাজধানীর মিরপুরের শাহ আলীতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই বড় ধরনের সাংগঠনিক পদক্ষেপ নিল বিএনপি। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগর উত্তর বিএনপি, ঢাকা মহানগর উত্তর যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া বিভিন্ন থানায় দলের বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আহ্বায়ক মো. আমিনুল হক ও সদস্য সচিব মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন ৫১ সদস্যের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করা হয়েছে। গত ২০২৪ সালের ৪ নভেম্বর এই কমিটি গঠন করা হয়েছিল। এর আগে সাইফুল আলম নিরবের নেতৃত্বাধীন কমিটি নানা অভিযোগের মুখে বিলুপ্ত করা হয়েছিল।
স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত নারী আসনের এমপি ও মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টির অনুসারীদের বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজে ভাঙচুরের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় সাংগঠনিক কঠোরতা প্রদর্শন করা হলো। এছাড়া দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং মহানগর সদস্য হাফিজুর রহমান শুভ্রকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে।
যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। এই ইউনিটের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের দায়িত্বের অবসান ঘটল। জানা যায়, সাজ্জাদুল মিরাজ স্বাস্থ্যকেন্দ্রটি ভাঙচুর থেকে বাঁচাতে তৎপর ছিলেন এবং তিনি তৎকালীন ওসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছিলেন। বর্তমানে তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
একইসঙ্গে শাহ আলী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম, নেতা সাজ্জাদুর রহমান মিশু, মো. সোহেল, কবির হোসেন ও আকবর হোসেনকে বহিষ্কার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের দারুস সালাম থানা শাখার আহ্বায়ক আক্তার ও সদস্য সচিব হাফিজুর রহমানকেও সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন সহদপ্তর সম্পাদক ওসমান গণি।
অন্যদিকে, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। গত ২০২৪ সালের ২৪ ডিসেম্বর মো. রবিন খানকে সভাপতি ও আকরাম আহমেদকে সাধারণ সম্পাদক করে এই নয় সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছিল। বৃহত্তর মিরপুর ও মোহাম্মদপুরের ১১টি থানা ছিল এই কমিটির আওতাধীন। মিরপুরে বিভিন্ন চাঁদাবাজিসহ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে ছাত্রদলের কয়েকজনের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। ২০২৪ সালের ২৪ ডিসেম্বর মো. রবিন খানকে সভাপতি ও আকরাম আহমেদকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের ৯ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছিল।
গত ২৪ সেপ্টেম্বর দুর্বৃত্তরা শাহ আলী এলাকার রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দেয়। এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা এবং থানার ওসির সংশ্লিষ্টতার অভিযোগও আলোচনায় এসেছে। সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে সৃষ্ট এই বিতর্কের প্রেক্ষাপটে দলের ইমেজ পুনরুদ্ধারে বিএনপি হাইকমান্ড এসব সাংগঠনিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। শিগগিরই নতুন কমিটিগুলো ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০