
সৌদি আরবের নিরাপত্তার সুরক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বুধবার শুরা কাউন্সিলের নবম অধিবেশনের তৃতীয় বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, উপসাগরীয় দেশগুলোর ওপর সাম্প্রতিক হামলা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি। নিরাপত্তার স্বার্থে আঞ্চলিক উত্তেজনা প্রশমন ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াদ। তবে জাতীয় নিরাপত্তার ওপর কোনো হুমকি বা হামলা হলে কঠোর পদক্ষেপ নিতে দেশটি দ্বিধা করবে না।
আঞ্চলিক নিরাপত্তা জোরদার ও কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়াতে উপসাগরীয় মিত্রদের সঙ্গে সৌদি আরব নিরলসভাবে কাজ করছে। যুবরাজ জানান, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ এই যৌথ প্রচেষ্টারই একটি বড় অংশ। এছাড়া বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারে নিরবচ্ছিন্ন তেল সরবরাহ বজায় রেখেছে সৌদি আরব। আন্তর্জাতিক জলপথ রক্ষায় বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।
গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান আগ্রাসনের নিন্দা জানিয়ে সৌদি যুবরাজ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করেছেন। এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইয়েমেনে সরকারের কর্তৃত্ব টিকিয়ে রাখতে ও হুথিদের মোকাবিলায় দেশটির বৈধ কর্তৃপক্ষের প্রতি সৌদি সমর্থন অব্যাহত থাকবে। সুদানের ঐক্য ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সুরক্ষায় সৌদি আরবের পূর্ণ সমর্থন থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরে মোহাম্মদ বিন সালমান জানান, ২০১৬ সালের তুলনায় সৌদি আরবের তেলবহির্ভূত রপ্তানি ১৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে জাতীয় অর্থনীতিতে বেসরকারি খাতের অবদান ৫১ শতাংশে উন্নীত হয়েছে। প্রযুক্তিগত উৎকর্ষের লক্ষ্যে ২০২৬ সালকে ‘এআইয়ের বছর’ হিসেবে ঘোষণা দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিশ্ব নেতৃত্ব অর্জনের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রার কথাও জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০