
ক্রীড়াঙ্গনে বাংলাদেশের জন্য জার্সিসহ বিভিন্ন অব্যবস্থাপনার ঘটনা নতুন নয়। এর আগে গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে ম্যানেজার টিম মিটিংয়ে অনুপস্থিত থাকায় বক্সাররা রিংয়ে নামতে পারেননি। ইনচন এশিয়ান গেমসে ফেন্সিং এবং হাংজু এশিয়াডে কারাতেকারদের ক্ষেত্রেও একই ধরনের বিপর্যয় ঘটেছিল। এবার আইচি-নাগোয়া এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যাডমিন্টন ফেডারেশনের ‘জার্সি কাণ্ড’ নতুন করে ক্রীড়াঙ্গনকে সংকটে ফেলেছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) প্রতিটি ফেডারেশনকে জার্সি তৈরির নির্দেশনা দিয়েছিল এবং সংশ্লিষ্ট কমিটিগুলোর অনুমোদন নেওয়ার কথা ছিল। কিন্তু ব্যাডমিন্টন ফেডারেশন কেবল ডিজাইনের অনুমোদন নিলেও চূড়ান্ত জার্সির মানে গাফিলতি করেছে।
শুক্রবার সকালে ম্যানেজার মিটিংয়ে জার্সির প্যাকেট খুলে দেখা যায়, খেলোয়াড়দের নামের বানানে মারাত্মক ভুল রয়েছে। যেমন, আয়মানের স্থলে জুমান, এছাড়া ওহিদুল, জুমার ও উর্মির নামের বানানও ভুল। শুধু নামের বানানেই নয়, দেশের নামের স্থলে খেলোয়াড়দের নাম লিখে রাখা হয়েছে এবং ফন্টের আকার নিয়েও রয়েছে বড় ধরনের ত্রুটি। অভিযোগ রয়েছে জার্সির নিম্নমান নিয়েও। আয়োজকদের কঠোর নিয়ম অনুযায়ী, নির্ধারিত মান ও নকশার বাইরে জার্সি পরে কোর্টে নামার সুযোগ নেই। আজ সকাল ১১টার মধ্যে সংশোধিত জার্সি জমা দিতে না পারলে শাটলারদের কোর্টে নামাই অনিশ্চিত হয়ে পড়বে। খেলোয়াড়রা জানিয়েছেন, দেশে থাকতেই তারা এই ত্রুটিগুলো লক্ষ্য করেছিলেন, কিন্তু তাদের কথা গুরুত্ব দেয়নি ফেডারেশন কর্তৃপক্ষ।
পরিস্থিতি সামাল দিতে শাটলাররা নিজেরাই ইউনেক্সে যোগাযোগ করেছেন নতুন জার্সির জন্য। একজন শাটলার বলেন, 'আমরা ইউনেক্সে কথা বলেছি, তারা চেষ্টা করছে কিন্তু এত কম সময়ে সম্ভব কি না জানি না। সময়মতো জার্সি না পেলে আমাদের খেলা হবে না।' এদিকে ব্যাডমিন্টন ফেডারেশনের সহসভাপতি ও দলের ম্যানেজার মহিউদ্দিন বুলবুল বিষয়টিকে কেবল 'সামান্য ভুল' বলে অভিহিত করছেন। তার দাবি, তিনি বিষয়টি ম্যানেজ করে ফেলেছেন। তবে ফন্টের আকার থেকে শুরু করে নামের বানান ও দেশের নাম বদলে ফেলার মতো ভুলগুলোকে এভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
অন্যদিকে, নতুন দায়িত্ব পাওয়া সাধারণ সম্পাদক হাসিবুর রহমান শাকিল এই ব্যর্থতার দায় বিওএর ওপর চাপানোর চেষ্টা করছেন বলে জানা গেছে। সংশোধিত জার্সি তৈরির খরচ দিতেও তিনি অনিচ্ছা প্রকাশ করেছেন এবং ম্যানেজার মহিউদ্দিন বুলবুলকে এই বিষয়ে টাকার কথা বলতে নিষেধ করেছেন। এ ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন বিওএ মহাসচিব জোবায়দুর রহমান রানা। তিনি বলেন, 'আমরা বারবার তাদের জার্সির অনুমোদনের জন্য তাগাদা দিয়েছি। শুধু ডিজাইন অনুমোদন করিয়েই তারা দায়িত্ব শেষ করেছে। কিন্তু জার্সিতে খেলোয়াড়দের নাম ও দেশের নাম গুলিয়ে ফেলার মতো ভুলের দায় ফেডারেশন কোনোভাবেই এড়াতে পারে না।'
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০