
সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত অষ্টম কাতার-যুক্তরাষ্ট্র কৌশলগত সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুই দেশের উচ্চপর্যায়ের এই বৈঠকে রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ এবং সংস্কৃতিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করার ওপর জোর দেওয়া হয়েছে।
বৈঠকের অন্যতম প্রধান অর্জন হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ও খনিজ খাতের বিশেষ চুক্তি। এআই প্রযুক্তি ব্যবহারের গতি বাড়াতে উভয় দেশ 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকসেলারেশন পার্টনারশিপ' এবং খনিজ প্রক্রিয়াকরণ বা 'ক্রিটিক্যাল মিনারেলস প্রসেসিং' বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আলোচনায় প্রতিরক্ষা খাতে সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং লাতিন আমেরিকায় যৌথ উদ্যোগের নতুন সুযোগ তৈরির বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে।
মধ্যপ্রাচ্যের বিদ্যমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন দুই দেশের প্রতিনিধিরা। বিশেষ করে উত্তেজনা প্রশমন এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বজায় রাখতে চলমান কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে উভয় পক্ষ বিস্তারিত মতবিনিময় করেছে। পাশাপাশি সমুদ্রপথে অবাধ ও নির্বিঘ্ন নৌচলাচলের গুরুত্বের বিষয়টিও সংলাপে উঠে আসে।
কাতারের পক্ষ থেকে সংলাপে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফি, বৈদেশিক বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী ড. আহমেদ বিন মোহাম্মদ আল সাইয়্যেদ, যুক্তরাষ্ট্রে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত শেখ মেশাল বিন হামাদ আল থানি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলি বিন আবদুল্লাহ আল থাওয়াদি। এ ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ড্যান হলার, চিফ অব স্টাফ ম্যাট রোডস, মুখপাত্র টমাস পিগট, রাজনৈতিক-সামরিক বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ফ্লিট হোয়াইট, নিকট প্রাচ্য বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ব্লোম, উত্তর আফ্রিকা ও আরব উপদ্বীপ বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী কাইল লিস্টন এবং কাতারে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্রিস্টোফার হজেস।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০