বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ সারোয়ার ইমরান মনে করেন, দলের ভেতরে থাকা স্বাচ্ছন্দ্যের গণ্ডি বা ‘কমফোর্ট জোন’ ভেঙে কঠোর শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে চেয়েছিলেন তিনি। আর এই প্রচেষ্টাই শেষ পর্যন্ত তার চাকরি হারানোর বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিজ্ঞ এই কোচ ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে দলের অনুশীলন সংস্কৃতি, ক্রিকেটারদের ফিটনেস এবং অধিনায়ক নিগার সুলতানা ও অন্য সদস্যদের মধ্যকার সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেছেন। নারী ক্রিকেটাররা যা বলেন, তারা তা-ই শোনেন।
এশিয়ান গেমস ও এশিয়া কাপের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি বলে জানান সারোয়ার। তাকে অস্ট্রেলিয়া সফরে না যাওয়ার বিষয়ে একটি চিঠি দেয়া হলেও, এরপর বিসিবির পক্ষ থেকে আর কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। দায়িত্ব থেকে সরানোর আগে বোর্ডের তরফ থেকে তার সঙ্গে কোনো আলোচনাও করা হয়নি। তিনি বলেন, ‘এশিয়ান গেমস ও এশিয়া কাপের পর বিসিবি আমার সাথে কোনো যোগাযোগ করেনি। আমি শুধু একটি চিঠি পাই যে, আমি অস্ট্রেলিয়া সফরে যাচ্ছি না, কারণ অন্য একজন কোচ সেখানে যাচ্ছেন। বিসিবির সাথে আমার যোগাযোগ বলতে এটুকুই ছিল।’
দলের কোচিংয়ের দায়িত্বে এসে সারোয়ার ইমরান সবচেয়ে বেশি হতাশ হয়েছিলেন ক্রিকেটারদের ও কোচিং স্টাফদের কাজ করার ধরন দেখে। তার ভাষায়, বোলিং কোচ, স্পিন বোলিং কোচ, ব্যাটিং কোচ থেকে শুরু করে ট্রেইনার ও ফিজিও—সবাই ক্রিকেটারদের সাথে কঠোর হওয়ার বদলে তাদের ইচ্ছাকেই বেশি প্রাধান্য দিতেন। এতে ক্রিকেটারদের উন্নতির পথ রুদ্ধ হয়ে পড়েছিল। সারোয়ারের পর্যবেক্ষণ অনুযায়ী, এই অতিরিক্ত ছাড়ের কারণেই পাঁচ বছর আগেও দলটি যে অবস্থায় ছিল, এখনো সেখানেই আটকে আছে। এতে উন্নতির জায়গাগুলো অচেনাই থেকে যাচ্ছিলো।
খেলোয়াড়দের ফিটনেস নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সারোয়ারের দাবি, প্রথম একাদশের অর্ধেকের বেশি ক্রিকেটারের ফিটনেস মান ছিল গড়ের নিচে। অল্প অনুশীলনে বড় সাফল্যের আশা করাটা বাস্তবসম্মত নয় বলে তার অভিমত। তিনি স্পষ্ট জানান, ‘আমি যদি মনে করি মাত্র ৩০টি বল করেই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া যাবে, তবে তা কখনোই সম্ভব নয়।’
নিজের বিরুদ্ধে ওঠা বদমেজাজি হওয়ার অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন এই কোচ। তার মতে, কোচ ও খেলোয়াড়ের সম্পর্কটি পেশাদার। তিনি বলেন, ‘একজন কোচ খেলোয়াড়ের বন্ধু হতে পারেন না, কারণ বন্ধু হলে তো আর কোনো খেলোয়াড়কে দল থেকে বাদ দেয়া সম্ভব নয়।’ দলের অভ্যন্তরে উপদল থাকা নিয়ে সরাসরি কোনো অভিযোগ না করলেও, অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে অন্য ক্রিকেটারদের ঘনিষ্ঠতায় ভিন্নতা ছিল বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। সারোয়ার বলেন, ‘দলের ভেতরে কোনো উপদল আছে কিনা তা বলতে পারবো না, তবে কেউ কেউ অধিনায়কের ঘনিষ্ঠ ছিল, আবার কেউ কেউ ছিল না।’






