বিশ্ববিদ্যালয়ে অর্জিত শিক্ষাকে শিক্ষার্থীদের বাস্তব জীবন ও কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। কক্সবাজারে চার দিনব্যাপী ‘ট্রেনিং অব ট্রেইনারস’ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পড়াশোনা শেষ করে বের হওয়ার পর অনেক শিক্ষার্থীই তাদের অর্জিত জ্ঞান কর্মসংস্থান, উদ্যোক্তা হওয়া কিংবা বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করতে পারছেন না। এই বাস্তবতাকে বদলে দিয়ে উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার সাথে জীবনের সংযোগ সুদৃঢ় করার বিকল্প নেই।
উচ্চশিক্ষা খাতের রূপান্তরের লক্ষ্যে ইউজিসি একটি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে, যা শিগগিরই বাস্তবায়িত হবে। এই কর্মপরিকল্পনায় শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অধ্যাপক মামুন। তিনি জানান, দেশের পাঁচ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে এই সংখ্যা আরও বাড়ানো হবে। এই প্রকল্পের আওতায় দেশেই দক্ষ প্রশিক্ষক বা ‘ন্যাশনাল ট্রেইনার’ তৈরি করা হচ্ছে, যারা পরবর্তীতে জাতীয় পর্যায়ে অন্যান্য শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে কাজ করবেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী অধ্যাপকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, উচ্চশিক্ষাকে আরও কার্যকর ও প্রাসঙ্গিক করার উদ্যোগে নবপ্রশিক্ষিত ন্যাশনাল ট্রেইনারদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। শিগগিরই তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তাই তাঁদের পেশাগত দক্ষতা উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
অধ্যাপক মামুন আহমেদ আরও বলেন, বিদেশে না পাঠিয়ে দেশেই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণ দেওয়া সম্ভব। এ জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার এবং সক্ষমতা তৈরির ওপর জোর দিচ্ছে ইউজিসি। তিনি এই কার্যক্রমে সহায়তা প্রদানের জন্য ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানান এবং প্রশিক্ষিত শিক্ষকদের উচ্চশিক্ষার প্রাসঙ্গিকতা বাড়াতে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, ইউজিসির হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অংশ হিসেবে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এই ‘জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট’ কর্মসূচি পরিচালিত হয়। গত ১৬ অক্টোবর শুরু হওয়া এই প্রশিক্ষণে দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ২১ জন অধ্যাপক অংশ নিয়েছেন।
সনদ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইউজিসি সদস্য অধ্যাপক মাছুমা হাবিব, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, অ্যাডভান্স এইচইর সিনিয়র অ্যাসোসিয়েট বেন ব্রাবন এবং হিট প্রকল্পের ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট অধ্যাপক মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা ও প্রশিক্ষকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।





