বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ছয়তলা থেকে পড়ে মো. নাজমুল হক (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত নাজমুল হক বরিশাল সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি নগরীর কাশীপুর এলাকার এনামুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে বিকট শব্দ শোনার পর তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন ওই যুবকের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুলের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রীর একটি মামলা চলমান ছিল। তবে তিনি ছাদ থেকে লাফ দিয়েছেন নাকি দুর্ঘটনাবশত পড়ে গেছেন, তা নিয়ে কোনো প্রত্যক্ষদর্শী নিশ্চিত তথ্য দিতে পারেননি। তাৎক্ষণিকভাবে বিষয়টি কোতোয়ালী থানা-পুলিশকে অবহিত করা হয়। তবে কী কারণে বা কীভাবে তিনি ওই ভবন থেকে নিচে পড়ে গেছেন, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। সুরতহাল ও ময়নাতদন্তের জন্য মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনো বিষয়, তা নিয়ে পুলিশ এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।






