‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর পুরুষ বিভাগের দ্বিতীয় সেমিফাইনালে টানটান উত্তেজনার ম্যাচে লামা উপজেলাকে হারিয়ে ফাইনালে উঠেছে বান্দরবান সদর উপজেলা পুরুষ দল। শুক্রবার বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্ধারিত সময়ের খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। এরপর ম্যাচটি গড়ায় টাইব্রেকারে, যেখানে বান্দরবান সদর উপজেলা ৪-৩ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করে। শিরোপা নির্ধারণী লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে আলীকদম উপজেলা। শুক্রবার বিকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে সেমিফাইনালে গোলশূন্য ০-০ সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। পরে টাইব্রেকারে বান্দরবান সদর উপজেলা ৪-৩ গোলে লামা উপজেলাকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
ম্যাচটিতে দুর্দান্ত গোলকিপিং করে জয়ের নায়ক হয়েছেন বান্দরবান সদর উপজেলার গোলরক্ষক ইমন বড়ুয়া। টাইব্রেকারের চাপের মুহূর্তে দুটি গুরুত্বপূর্ণ গোল ঠেকিয়ে তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। খেলা শেষে তাকে পুরস্কার তুলে দেন বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের মেজর মো. রেজোয়ানুর রশিদ রাজীব, পিএসসি, বিএম। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের জিএস-২ মেজর পারভেজ রহমান। এদিকে, টুর্নামেন্টের আগামীদিনের সূচি অনুযায়ী, সকালে নারী বিভাগের ফাইনালে লড়বে বান্দরবান সদর ও থানচি উপজেলা। একই দিন বিকেলে পুরুষ বিভাগের চূড়ান্ত ম্যাচে মুখোমুখি হবে বান্দরবান সদর ও আলীকদম উপজেলা।






