কাতারের আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহর মর্যাদা, তাৎপর্য এবং তা অনুসরণের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। ‘বায়দা… মিন ওয়াহই আল-সামা’ (আসমানি ওহি থেকে অনুপ্রাণিত) শিরোনামের এই প্রচারাভিযানটি ২ নভেম্বর শুরু হয়েছে এবং এটি ১৮ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।
এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো ইসলামি শরিয়তের অন্যতম প্রধান উৎস হিসেবে সুন্নাহর অবস্থান, কোরআনের সঙ্গে এর গভীর সম্পর্ক, ধর্মীয় প্রামাণিকতা এবং রাসুলুল্লাহ (সা.)-এর আনুগত্যের অপরিহার্যতা জনসাধারণের সামনে তুলে ধরা। মন্ত্রণালয় মনে করে, সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে দ্বীনি ও শিক্ষামূলক বার্তা পৌঁছানোর ক্ষেত্রে জুমার খুতবা একটি কার্যকর মাধ্যম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম দ্য পেনিনসুলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রচারাভিযানের আওতায় জুমার খুতবার বিষয়বস্তু
- ৬ নভেম্বর: ‘সম্পদ একটি আমানত: স্থায়ী কল্যাণের গুরুত্ব’ শীর্ষক বিষয়ের ওপর আলোচনা করা হয়েছে।
- ১৩ নভেম্বর: ‘অপচয় করবেন না: ভোগের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা’ শিরোনামে খুতবা প্রদান করা হয়।
খুতবাগুলোতে দৈনন্দিন আর্থিক লেনদেন, সামাজিক আচার-ব্যবহার এবং জীবনযাত্রায় রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
একইসঙ্গে সততা, পরিমিতিবোধ ও সম্পদের দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে অপচয় রোধে উদ্বুদ্ধ করা হয়।
ইসলামি নীতিমালাকে বাস্তব জীবনে প্রয়োগের উপযোগী করে তোলা এবং প্রতিটি মানুষের দৈনন্দিন অভ্যাসে নবীজি (সা.)-এর সুন্নাহর চর্চা আরও সুদৃঢ় করাই এই বিশেষ উদ্যোগের মূল উদ্দেশ্য।






