মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ এবং নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেকজান্ডারের সঙ্গে পৃথকভাবে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
সৌদি যুবরাজের সঙ্গে আলাপকালে দুই নেতা কাতার ও সৌদি আরবের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ওপর জোর দেন। এ সময় পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির উপায়গুলো নিয়ে পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক উত্তেজনা নিরসন ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অন্যদিকে, নেদারল্যান্ডসের রাজার আহ্বানে অনুষ্ঠিত ফোনালাপে কাতার ও নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোকপাত করা হয়। বর্তমান আঞ্চলিক প্রেক্ষাপটে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করা এবং চলাচলের স্বাধীনতা বজায় রাখার জন্য আন্তর্জাতিক ও কূটনৈতিক সমন্বয়ের প্রয়োজনীয়তা নিয়েও বিশদ আলোচনা করেছেন কাতারের আমির ও নেদারল্যান্ডসের রাজা।






