ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করিমের পদত্যাগ

প্রকাশ:
Print news
  • ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করিমের পদত্যাগ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন মো. নুরুল করিম নামের এক সহকারী অ্যাটর্নি জেনারেল। রোববার (১৬ আগস্ট) রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্রটি অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

নুরুল করিম জানান, ব্যক্তিগত কারণেই তিনি সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে পদত্যাগের বিষয়ে এর বাইরে বিস্তারিত কোনো কারণ জানাননি তিনি।

এর আগে গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৮০ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ দেওয়া হয়। সব মিলিয়ে ডিএজি ও এএজি পদে ২৬৬ জন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ডিএজি-এএজি পদে এটিই ছিল প্রথম বড় ধরনের নিয়োগ।

ওই নিয়োগের তালিকায় ছিলেন মো. নুরুল করিম। নিয়োগের মাত্র ১৮ দিনের মাথায় তিনি পদত্যাগপত্র জমা দিলেন।

এর আগে নিয়োগের মাত্র চার দিনের মাথায় ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়ে পদত্যাগ করেছিলেন মো. মাহফুজুর রহমান নামের আরেক সহকারী অ্যাটর্নি জেনারেল। গত ৩ আগস্ট তিনি পদত্যাগপত্র জমা দেন। পরে তাঁর নিয়োগ আদেশ বাতিল করে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ গত ৬ আগস্ট প্রজ্ঞাপন জারি করে।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে গত ৩০ জুলাই নতুন করে ডিএজি ও এএজি পদে আইনজীবীদের নিয়োগ দেওয়া হয়।

নতুন নিয়োগের পর অল্প সময়ের ব্যবধানে দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের ঘটনা সামনে এলো। তবে নুরুল করিমের পদত্যাগপত্রের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রজ্ঞাপন প্রকাশিত হয়নি।

শেয়ার করুন