উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য ও ভুয়া খবর ছড়িয়ে পড়েছে। বিভিন্ন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে যে, এই শিল্পী বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এমন ভিত্তিহীন ও আপত্তিকর গুজবে তীব্র ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন শিল্পীর একমাত্র মেয়ে তানি লায়লা। তিনি স্পষ্ট করেছেন যে, তার মা সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন।
তানি লায়লা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন, সামান্য কিছু অর্থ উপার্জনের আশায় এআই প্রযুক্তি ব্যবহার করে ইউটিউবে ভুয়া ভিডিও ও খবর ছড়ানো হচ্ছে। তিনি এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন এবং এমন কনটেন্ট নির্মাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, যতক্ষণ না এসব অসাধু ব্যক্তি তাদের অপতৎপরতা বন্ধ করছে, ততক্ষণ তিনি ব্যক্তিগতভাবে প্রতিটি ভুয়া কনটেন্টের বিরুদ্ধে রিপোর্ট করে যাবেন।
মায়ের দীর্ঘ সংগীতজীবনের প্রতি সম্মান জানিয়ে তানি আরও বলেন, আমার মা তার জীবনের ছয়টি দশক সংগীতের সেবায় উৎসর্গ করেছেন। অথচ মানুষ এখনো তাকে এভাবে অসম্মান করে চলেছে, যা আমাদের জন্য চরম লজ্জার ও অপমানের বিষয়। তিনি ভক্ত ও অনুসারীদের এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন এবং বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে রিপোর্ট করার অনুরোধ করেছেন। একই সঙ্গে গণমাধ্যমকেও তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, রুনা লায়লাকে নিয়ে মৃত্যুর গুজব এটিই প্রথম নয়। এর আগে প্রায় চার মাস আগে ভারতের দিল্লিতে ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার সময়ও একই ধরনের ভুয়া খবর ছড়িয়ে পড়েছিল। সে সময় বিষয়টি নিয়ে খোদ রুনা লায়লা নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানিয়েছিলেন যে, তিনি বহাল তবিয়তে বেঁচে আছেন। ভক্তদের উদ্দেশে তিনি লিখেছিলেন, আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়িয়েছে, আমি পরিষ্কারভাবে জানাতে চাই যে আমি সুস্থ আছি।






