দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সংশ্লিষ্ট বাহিনীর পাশাপাশি জনগণ ও গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বিএনপির আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বাহিনীগুলো যে ভঙ্গুর অবস্থায় ছিল, গত ছয় মাসে তাদের মনোবল অনেকটাই ফিরে এসেছে। পুলিশসহ অন্যান্য বাহিনী এখন পূর্ণ শক্তি নিয়ে অপরাধ দমনে কাজ করছে। অপরাধ দমনের ক্ষেত্রে সরকার ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’ নীতি অনুসরণ করছে জানিয়ে তিনি বলেন, অপরাধ সংঘটিত হওয়ার পরপরই অপরাধীকে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। তবে অপরাধ দমনের ক্ষেত্রে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা বাস্তবসম্মত নয়।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে আধুনিকায়ন করা, তাদের মনোবল বৃদ্ধি এবং জনগণের সেবক হিসেবে কাজ করতে উদ্বুদ্ধ করার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া বাহিনীর জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে আইনি কাঠামোতেও পরিবর্তন আনা হচ্ছে। রংপুরের আলোচিত ঘটনা, মিরপুরের শিশু সংক্রান্ত অপরাধসহ জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ প্রতিটি ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়ায় আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বাহিনীর সদস্যদের পুরস্কার ও পদক প্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরাধী যে-ই হোক এবং যত ক্ষমতাশালীই হোক না কেন, তাকে বিচারের আওতায় আনতে হবে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, মানুষ দেশে শান্তিপূর্ণ পরিবেশ চায়; মাদক ও অপরাধের সঙ্গে জড়িত কোনো চক্র যেন পার না পায়, তা নিশ্চিত করতে হবে। রংপুরের ঘটনায় চারজন নিহত হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হলেও, এই চক্রের নেপথ্যে কারা রয়েছে, তা খুঁজে বের করে নির্মূল করা জরুরি।
ঈদে মিলাদুন্নবীর শিক্ষা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করাই মানুষের লক্ষ্য হওয়া উচিত। শান্তি, ক্ষমা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে চলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






