
বর্তমান সরকারকে শ্রমবান্ধব আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, শ্রমিকদের অধিকার রক্ষা এবং ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের প্রধান অগ্রাধিকার। বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি) এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব এম্প্লয়ার্স (আইওই)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে আয়োজিত সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
বৈঠকে উপদেষ্টা উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার শ্রমিকদের কল্যাণ, মানসম্মত কর্মপরিবেশ এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে বদ্ধপরিকর। তিনি বলেন, শ্রমিক স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সুচিন্তিত পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সরকার এগিয়ে যেতে চায়। সরকার, শ্রমিক ও নিয়োগকর্তাদের নিয়ে আয়োজিত এই ত্রিপক্ষীয় আলোচনা আইএলও রোডম্যাপ বাস্তবায়নে এবং ভবিষ্যতের পথনকশা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।
নতুন সরকারের পদক্ষেপ তুলে ধরে মাহদী আমিন জানান, ক্ষমতা গ্রহণের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শ্রম আইন সংশোধন করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক শ্রম মানদণ্ড অনুসরণে আইএলও কনভেনশন ১৫৫, ১৮৭ এবং ১৮৯ অনুমোদন করা হয়েছে। সরকারের মূল লক্ষ্য এখন দ্রুত বাংলাদেশ শ্রম বিধিমালা প্রণয়ন করে সংশোধিত শ্রম আইন কার্যকরভাবে বাস্তবায়ন করা, যা শ্রমিকদের জীবনের মান উন্নয়নে সহায়ক হবে।
সাক্ষাতকালে ইপিজেডের অর্থনৈতিক প্রভাব ও কর্মসংস্থান বজায় রাখার স্বার্থে সার্বজনীন নীতিমালা বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপদেষ্টার মতে, কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ তৈরি এবং কার্যকর সামাজিক সংলাপ প্রতিষ্ঠায় সরকার দৃশ্যমান সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। পাশাপাশি শ্রম প্রশাসনের দক্ষতা বৃদ্ধি এবং বিরোধ দ্রুত নিষ্পত্তিতে বিশেষ নজর দেওয়া হয়েছে বলে তিনি জানান।
বৈঠকে সফররত প্রতিনিধি দল বাংলাদেশের শ্রমখাতে সরকারের গৃহীত সাম্প্রতিক সংস্কারমূলক পদক্ষেপের প্রশংসা করেছে। বিশেষ করে শ্রম আইন সংশোধন, ট্রেড ইউনিয়ন নিবন্ধনের প্রক্রিয়া সহজ করা, শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ন্যায্য মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন উদ্যোগের প্রতি তারা সন্তোষ প্রকাশ করেন।
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে ছিলেন আইটিইউসি’র জেনারেল সেক্রেটারি লুক ট্রায়াঙ্গল, আইওই’র ভাইস-চেয়ার কাইজার মোয়ানে, আইএলও গভর্নিং বডির সদস্য জেস ভোগট এবং আইএলও’র কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনুনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০