
গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের কথা ও সুরে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ‘সখি তুই কি তেল মাখিস চুলে’ শিরোনামের রোমান্টিক এই গানটিতে প্রেম, রূপ এবং মুগ্ধতার প্রকাশ ঘটেছে লোকজ শব্দের নিপুণ বুননে। গানের কথামালায় প্রিয়তমার সৌন্দর্যের প্রতি এক প্রেমিকের গভীর ভালোলাগা ফুটে উঠেছে। গানটির কয়েকটি পঙ্ক্তি হলো, “সখি তুই কি তেল মাখিস চুলে/ কী শাড়ি পরিস তুই, হাওয়ায় আঁচল দুলে/ তোর নূপুর বাজে ঘুঙুর ঘুঙুর/ রূপে আগুন জ্বলে।”
গানটির অডিও এরই মধ্যে ‘খালিদ সংগীত’-এর নিজস্ব ওয়েবসাইটে শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। খুব শিগগির প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটির সংগীতচিত্র প্রকাশিত হবে বলে জানা গেছে।
দেশের সংগীত ও সাহিত্যাঙ্গনে মাহবুবুল খালিদ দীর্ঘদিন ধরে নিয়মিত কাজ করে যাচ্ছেন। তাঁর নিজস্ব ওয়েবসাইটে এবং ‘খালিদ সংগীত’-এর ব্যানারে ইউটিউব ও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক গান প্রকাশিত হয়েছে, যাতে কণ্ঠ দিয়েছেন বিভিন্ন প্রজন্মের শিল্পীরা।
মাহবুবুল খালিদের গানে কেবল প্রেম নয়, বরং সামাজিক অসংগতি, মানবিক সংকট ও আলোচিত ঘটনাবলিও উঠে আসে। এর আগে মিরপুরের শিশু গৃহকর্মী আদুরিকে নিয়ে ‘আদুরি’, সীমান্ত হত্যা নিয়ে ‘ফেলানীরে করল গুলি’, মাগুরার শিশু আছিয়াকে নিয়ে ‘মাগুরার ফুল’ এবং সাম্প্রতিক সময়ে ‘রামিসার বিচার’ শিরোনামে গান লিখেছেন তিনি।
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মানবিক সংকটের প্রেক্ষাপটেও তিনি গান লিখেছেন। ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট নিয়ে লেখা তাঁর এসব গানে প্রতিবাদ ও সচেতনতার বার্তা ফুটে ওঠে। সব মিলিয়ে বৈচিত্র্যময় সব সৃষ্টিতে মানবতাকে তুলে ধরাই তাঁর গানের অন্যতম বৈশিষ্ট্য, যার ধারাবাহিকতায় যুক্ত হলো আসিফ আকবরের কণ্ঠে নতুন এই গানটি।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০